Image description

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শিবগাতি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। 

এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।