Image description

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির পর কিশোর বয়সী ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার পাঁচ আসামির বাড়িঘর ভাঙচুর করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানালেন, শত শত বিক্ষুব্ধ লোকজন শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম ( ২২), রাজিব (২৩) ও এনামুলের (২২) বাড়িতে ভাঙচুর করেন। তারা তাদের বসতঘরগুলোর বেড়া ও চাল ভাঙচুর করে টিনগুলো খুলে নিয়ে বাড়ির পাশে স্তূপ করে রাখেন।

তাদের অভিযোগ, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ভাঙচুর চালানো হলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।

ডাকাতি ও ধর্ষণের বিষয়ে স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ ( ৪০) বলেছেন, ‘এমন ন্যক্কারজনক, লজ্জাজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের বিচার হওয়া দরকার। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

বিক্ষুদ্ধ এলাকাবাসী আসামিদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর কালীবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে ডাকাত দল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে তার সামনেই মাকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এ ঘটনায় ওই দিন দিবাগত রাত ৩টার দিকে পুলিশ রাজিবকে গ্রেপ্তার করে।

শুক্রবার রাতে ওই নারী পাঁচজনের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা করেন।

 

আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং করণীয় ঠিক করতে স্থানীয় লোকজন রবিবার ও সোমবার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুই দফা আলোচনা করেন।

গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ বলেছেন, ‘দুপর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি চর কালীবাড়ি এলাকায় আসামিদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’