Image description

পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে জামায়াতে ইসলামীর ‘সুপার ট্রেন’ মার্চ মুলতানে পৌঁছানোর পর দলটির আমির হাফেজ নাঈম উর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার জামায়াতের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

 

বিজ্ঞাপন

করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ অভিমুখী চলমান ট্রেন মার্চ সাময়িকভাবে স্থগিত রাখার জন্য জামায়াতের আমিরকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ পাকিস্তানে ফিরে না আসা পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান তিনি।

 

জামায়াতের আমির মুলতানে পৌঁছানোর পরই প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। দলটির মুখপাত্র বলেন, শাহবাজ শরিফ দেশে ফেরার পর পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার আগ্রহও জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে হাফেজ নাঈম উর রহমান বলেন, জামায়াত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কিংবা সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। তবে সাধারণ মানুষের উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরতেই দলটি রাজপথে আন্দোলনে নেমেছে। তাই সরকারের উচিত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করা।

 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লংমার্চ স্থগিতের অনুরোধ পাওয়ার পর বিষয়টি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘শূরার’ সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জামায়াত আমির। শূরার পরামর্শের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তবে সরকারের অনুরোধে কর্মসূচি সাময়িক স্থগিত করা হলেও প্রতিবাদের অধিকার থেকে জামায়াত সরে আসবে না বলে স্পষ্ট করেছেন হাফেজ নাঈম উর রহমান।

 

সূত্র: জিও নিউজ