রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার ছয় দিন ও তার চালক গোলাম মাওলা সেলিম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়েছে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সোহেল সরকার তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেয়। এর আগে সোমবার রাত দেড়টার দিকে তাকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা ও কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। দেশের পরিস্থিতি অস্থির করা এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আসামিরা লাঠিসোঁটা ও উসকানিমূলক ব্যানার-প্লাকার্ড নিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। একপর্যায়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটান। পরবর্তীতে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, উসকানিমূলক ব্যানার, প্ল্যাকার্ড এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ মামলা করে।
উল্লেখ্য, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একাদশ জাতীয় সংসদে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।