Image description

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন অধিনায়ক। সেই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতেও বিশেষ আয়োজন থাকছে।

বিদায়ী ম্যাচের জার্সির প্রথম ঝলক নিজেই প্রকাশ করেছেন মেসি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জার্সিটির নকশা দেখান আর্জেন্টাইন এই তারকা। ক্যাপশনে তিনি লেখেন, ‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি।’

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি রঙের জার্সিতে সোনালি রঙের ছোঁয়া থাকছে। নকশায়ও কিছুটা ভিন্নতা থাকছে। জার্সির মাঝ বরাবর একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ থাকবে, যা প্রচলিত নকশা থেকে এটিকে আলাদা করবে।

জার্সির পেছনেও বিশেষ চমক আছে। মেসির নাম ও ১০ নম্বর সোনালি রঙে লেখা হবে। পাশাপাশি উঁচু-নিচু নকশায় আর্জেন্টিনার প্রতীকী ‘সান অব মে’ ফুটিয়ে তোলা হবে। সবমিলিয়ে মেসির জাতীয় দলের শেষ ম্যাচের স্মৃতিকে বিশেষ করে তুলতেই জার্সিটিতে এই আলাদা আয়োজন রাখা হয়েছে।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে মোট তিনটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার এই পর্ব। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটিতেই দেখা যাবে মেসিকে।

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর দুই দশকেরও বেশি সময় জাতীয় দলের হয়ে খেলেছেন মেসি। এই সময়ে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ জিতেছেন একাধিক শিরোপা। এবার সেই আকাশি-সাদা জার্সিতেই শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন এই মহাতারকা।