রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ‘মা ক্লাসিক পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মুক্তার হোসেন মোল্লা। তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততার তথ্য-প্রমাণ রয়েছে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় রোববার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন বাসটির মালিক সুলতান আহমেদ। মামলায় অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার রাত ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের শ্রমিক সমিতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’-এর বাসটিতে আগুন লাগে। পরিবহনটি কুষ্টিয়া-দৌলতদিয়া রুটে চলাচল করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার পর টার্মিনালে দায়িত্বরত টহল পুলিশ ও নৈশপ্রহরীরা বাসটি থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে সেখানে থাকা শ্রমিকদের ডেকে তুলে দ্রুত অন্য বাসগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
কিছুক্ষণের মধ্যেই বাসটির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।