ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪) মরদেহ বাংলাদেশি পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে লাশটি হস্তান্তর করা হয়।
শাকিল উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মানসিকভাবে অসুস্থ শাকিল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। একদিন পর শনিবার সন্ধ্যায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।
ঘটনাটি জানাজানি হলে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়। মরদেহটি ভারতীয় ভূখণ্ডে থাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সমন্বয়ে আইনগত প্রক্রিয়া শেষে আজ বিকাল ৫টার দিকে বিএসএফ মরদেহটি পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, মরদেহ হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে। শিশুটি কীভাবে সীমান্তের ওই এলাকায় গেল এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিকালে বিএসএফ মরদেহটি বাংলাদেশ পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেছে।