কক্সবাজার-১ আসনের বদরখালিতে নতুন বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বসত ঘরে ঢুকে শিক্ষক দম্পতির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা। এতে শিক্ষক মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বদরখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয়দের দাবি, নতুন বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ফারুক ওরফে ‘চোরা ফারুক’, বাপ্পারাজ, রাসেলসহ ২০-২৫ জন অতর্কিতভাবে শিক্ষক মহিউদ্দিনের পরিবারের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করেন। এতে শিক্ষক মহিউদ্দিন ও তার স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে হামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।