Image description

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলে দাবি করে আসছে জামায়াতে ইসলামী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কিশোর ছেলের হত্যাকাণ্ডের পর দলটি বলছে, পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শনিবার এক বিবৃতিতে বলেন, অপ্রতিমের মৃত্যু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির বহিঃপ্রকাশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম গতকাল বিকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে ক্যাম্পাস সংলগ্ন একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে বেরিয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম। পুলিশের ধারণা, এই ফোনের জন্যই তাকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি পরওয়ার বলেন, কৈশোরের দুরন্ত সময়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলে আনন্দের মুহূর্ত কাটাতে ঘর থেকে বের হয়েছিল শিশুটি। কিন্তু তাকে আর জীবিত অবস্থায় ঘরে ফিরতে দেওয়া হয়নি। এমন মর্মান্তিক ঘটনায় কোনো বিবেকবান মানুষ নির্বিকার থাকতে পারেন না।

অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, একটি সন্তানের জন্য মা-বাবার কত স্বপ্ন ও আশা থাকে। মাত্র ১৩ বছর বয়সে সেই সন্তানকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

অপ্রতিমের এমন মৃত্যু গোটা সমাজের জন্য গভীর সতর্কবার্তা বলে মন্তব্য করেন পরওয়ার।

‘একজন শিশু যদি নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে না পারে, তাহলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা কোথায়— এ প্রশ্ন এখন সামনে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে দেশের মানুষ উদ্বিগ্ন,’ বলেন তিনি।

প্রধান বিরোধী দল জামায়াতের এই নেতা অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে দৃষ্টি রাখতেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান রেখেছেন।

পাশাপাশি শিশু-কিশোরসহ দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।