একসময় যে ছোট্ট পায়ের ছাপ ঘরজুড়ে মাতৃত্বের নতুন গল্প লিখেছিল, এবার সেই ঘরেই যোগ হলো আরও এক জোড়া ছোট্ট পায়ের ছাপ। বড় বোন দুয়ার খেলার সঙ্গী হয়ে পাড়ুকোন-সিং পরিবারে এল নতুন সদস্য। দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন দীপিকা ও রণবীর সিং। শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবি শেয়ার করে তারা জানান, এবার বড় বোন হয়েছে দুয়া। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তারকা দম্পতি।
দীপিকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রাণবীর। কয়েক মাস পর, ৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং।
দুয়ার জন্মের পর বেশ কিছুদিন ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন দীপিকা ও রণবীর। পরে ধীরে ধীরে মেয়েকে নিয়ে বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তারা। মেয়েকে ঘিরে দীপিকার জীবনেও এসেছে নানা পরিবর্তন। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি মাতৃত্বের আনন্দও উপভোগ করছেন তিনি।
দীপিকা , রাণবীর ও দুয়া
এবার সেই দুয়ার জীবনে এল নতুন অধ্যায়। ছোট বোনকে পেয়ে বড় বোন দুয়ার শৈশবের গল্পেও যোগ হতে যাচ্ছে নতুন এক সঙ্গী।
বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত দীপিকা। পাশাপাশি অল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও তাকে দেখা যাবে।