Image description

বিশ্ব ফুটবলের ২১১ সদস্য দেশকে এক কোটি মার্কিন ডলার করে দেওয়ার প্রস্তাব উঠেছে ফিফায়। প্রস্তাবটি অনুমোদন পেলে ফিফার সদস্য হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পেতে পারে এই অর্থ।

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব দিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার চেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি। দুজনই ফিফার সহসভাপতি।

 

তাদের প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ সালের চক্রে ফিফার আর্থিক সঞ্চয় থেকে প্রায় ২১০ কোটি মার্কিন ডলার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে বিতরণ করা হবে। এতে ২১১ সদস্যের প্রত্যেকে অন্তত এক কোটি ডলার করে পাবে।

 

এই অর্থ বর্তমান ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির বরাদ্দের অতিরিক্ত হিসেবে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অবকাঠামো ও ফুটবল উন্নয়নে অর্থটি ব্যবহারের কথা বলা হয়েছে।

 

চেফেরিন ও মন্তাগলিয়ানির দাবি, ২০২৩-২৬ অর্থচক্র শেষে ফিফার সঞ্চয়ের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলারে পৌঁছাতে পারে, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। তাদের হিসাব অনুযায়ী, ২১০ কোটি ডলার বিতরণের পরও পরবর্তী চক্রে ফিফার সঞ্চয় নিরাপদ পর্যায়ে থাকবে।

 

তবে এখনই অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। ফিফার আর্থিক অবস্থার স্বাধীন পর্যালোচনা চেয়েছেন দুই সহসভাপতি। সেই পর্যালোচনার পর প্রস্তাবটি ফিফা কাউন্সিলে আলোচনার জন্য তোলার পরিকল্পনা রয়েছে।

 

সম্প্রতি বাইরের বিনিয়োগকারীদের কাছে ফিফার বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র বিরোধ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়। এর পরই ফিফার হাতে থাকা বিপুল সঞ্চয়ের একটি অংশ সরাসরি সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ফুটবল উন্নয়নে দেওয়ার এই প্রস্তাব সামনে এলো।

 

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফিফা।