ইরান যুদ্ধ ঘিরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানে দুটি ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে ‘বড় সিদ্ধান্ত’ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ নৌবাহিনীর একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে একই জলপথে আরেকটি জাহাজে হামলার খবর জানানো হয়। ইরান জানিয়েছে, ‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজে তারা হামলা চালিয়েছে।
এদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সরকারকে ‘ধ্বংস’ করতে বড় ধরনের অভিযান চালানোর বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। আগামী সপ্তাহে পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, এটি একটি বড় সিদ্ধান্ত। তার পক্ষ থেকে যে কোনো কিছু ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের দুটি হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের উদ্যোগে গঠিত মানবাধিকার বিশেষজ্ঞদের একটি প্যানেল। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই হামলাগুলো যুদ্ধাপরাধের শামিল কি না, তা বিবেচনার মতো ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: সিবিএস নিউজ