Image description

এক বছরের কার্যবিবরণী প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এরমধ্যে ছারপোকা দমন ও পরিচ্ছন্নতায় ব্যয় ৩২ লাখ টাকা দেখানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন তুলে ধরেন ডাকসু সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

 

সংবাদ সম্মেলনে সম্পূর্ণ কার্যক্রমের অডিট প্রকাশ না করা হলেও প্রকাশিত পেজেন্টেশনে কয়েকটি কাজে খরচ করা অর্থের পরিমাণ দেখানো হয়।

 

শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নে খরচ ৩ কোটি টাকা, কেন্দ্রীয় মসজিদ সংস্কারে খরচ ৩ কোটি ৫০ লাখ টাকা পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম বানাতে খরচ ৬৫ লাখ টাকা এবং এ ছাড়া ঝুঁকিপূর্ণ হল সংস্কারে ৭ কোটি ৫১ লাখ টাকা আদায়ের কথাও জানানো হয় প্রেজেন্টেশনে।

 

 

 

এ ছাড়া একাধিক কাজের কথা উল্লেখ করলেও বিস্তারিত খরচের পরিমাণ এখনো প্রকাশ করেনি ডাকসু।

 

ঢাবির ১৮টি হলে ছারপোকা দমন ও পরিচ্ছন্নতায় ৩২ লাখ টাকা ব্যয় প্রসঙ্গে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, ‘আমরা বেশ কয়েকটি ফার্মের সঙ্গে কথা বলেছি। অনেকে ৪৫-৫০ লাখ টাকাও চেয়েছিল, আবার অনেকে ৩২ লাখের কম বলেছিল। আমরা যে ফার্ম দিয়ে করিয়েছি তাদের রিভিউ ভালো পেয়েছি বলে তাদের দিয়ে করিয়েছি। ১৮টি হলের প্রতিটি রুমে গিয়ে ওষুধ দেওয়া হয়েছে। এ জন্যই এত টাকা লেগেছে।’

 

সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, ‘ডাকসুর জন্য নির্ধারিত বাজেট এখন পর্যন্ত প্রশাসন দেয়নি। পুরো সময়জুড়ে প্রশাসন বিমাতার মতো আচরণ করেছে। তবে শত অসহযোগিতা সত্ত্বেও এক বছরে আবাসন, পরিবহন, হলে খাবারের মান ও স্বাস্থ্য গবেষণার মতো ডাকসু কমিটি হাজারের বেশি কাজ করেছে।’