২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে আসন পায়নি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সর্বোচ্চ ফল অর্জন করেও প্রথম ধাপে কলেজ না পাওয়ার এই চিত্র দেখা গেছে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিভাগে।
পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। তাদের পছন্দ হিসেবে বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে। প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছে। আসন পায়নি ১৪ হাজার ৪১৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন।
শিক্ষা বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪ লাখ ৭২ হাজার ২৪৮টি আসন ছিল। এই বোর্ডে ৩ লাখ ১২ হাজার ৪১ জন আবেদনকারীর মধ্যে ২ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী আসন পেয়েছেন। চট্টগ্রাম বোর্ডে ৮৬ হাজার ২৪০ জন আবেদনকারীর মধ্যে নির্বাচিত হয়েছেন ৮০ হাজার ২৯০ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৩ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ১১ হাজার ১৯১ জন শিক্ষার্থী আসন পেয়েছে।
বিভাগভেদেও আসন ও নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যায় পার্থক্য রয়েছে। মানবিক বিভাগে মোট ৯ লাখ ৯৪ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে আবেদন করে ৫ লাখ ৮৭ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৭৭১ জন শিক্ষার্থী আসন পেয়েছে।
বিজ্ঞান বিভাগে ৬ লাখ ২৬ হাজার ২৭১টি আসনের বিপরীতে আবেদন করে ২ লাখ ৩৯ হাজার ৬২৫ জন। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে আসন দেওয়া হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ লাখ ৪৭ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে ১ লাখ ৬৭ হাজার ৫২ জন আবেদন করে। তাদের মধ্যে নির্বাচিত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৮৭ জন।
এ ছাড়া হোম সায়েন্স, মিউজিক, ইসলামিক স্টাডিজ এবং মাদ্রাসা বোর্ডের বিভিন্ন গ্রুপেও নির্ধারিত নিয়ম ও পছন্দক্রম অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় একাদশের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।