Image description
বেনাপোল পেরোলেই ভারতের পেট্রাপোল। কাস্টমস ইমিগ্রেশন শেষ করে ল্যান্ড পোর্ট থেকে বেরোতে না বেরোতেই শুরু হয় ভারতীয় দালালদের অত্যাচার। বাংলাদেশী পর্যটকদের এমন অভিযোগ নতুন নয়। জোর করে কম রেটে মানি এক্সচেঞ্জ করতে বাধ্য করা, অতিরিক্ত গাড়ি ভাড়া দাবি করা, পাসপোর্ট কেড়ে নেয়া, শারীরিক হেনস্থার নিত্যনতুন অভিযোগ ভারতের পেট্রাপোল বন্দরকে কেন্দ্র করে আসতেই থাকে। অভিযোগ রয়েছে পেট্রাপোল থানায় পর্যটকদের অভিযোগের পাহাড় জমলেও পুলিশ থাকে নির্বিকার। সেই সুযোগেই দালালদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পেট্রাপোল বন্দর।
 
তবে পর্যটকদের হেনস্তার একাধিক অভিযোগ সম্প্রতি সরাসরি সচিবালয় হয়ে পৌঁছায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের দপ্তরে। এরপরে সক্রিয় হয়েছে পেট্রাপোল থানার পুলিশ। সীমান্তে বাংলাদেশিদের হয়রানি করার অভিযোগে ভারতীয় দালাল কে হাতেনাতে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ।
 
মঙ্গলবার পেট্রাপোল ইমিগ্রেশন এর প্যাসেঞ্জার দু'নম্বর টার্মিনাল এর কাছে অভিযান চালিয়ে ইব্রাহিম বিশ্বাস ওরফে মুন্না এবং আলমগীর মন্ডল নামে দুই স্থানীয় ব্যক্তি কে গ্রেপ্তার করে পুলিশ।
 
জানা গেছে মানি এক্সচেঞ্জ করে এমন বিভিন্ন কাউন্টারের সামনে ঘোরাফেরা করতো এই দুই ব্যক্তি । বাংলাদেশী যাত্রীদের কখনো জোর করে কখনো ভুল বুঝিয়ে মুদ্রা বিনিময় করতে বাধ্য করত এই দুইজন।
 
অভিযোগ ব্যাংক নির্ধারিত বিনিময় বা স্বাভাবিক বিনিময় হারের পরিবর্তে ইচ্ছামত বিনিময় মূল্য চাপিয়ে দিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতো অভিযুক্তরা। এমনকি বিভিন্নভাবে ভয় দেখানো এবং বিভ্রান্ত করারও অভিযোগ উঠেছে এই দুই ব্যক্তির নামে। কখনো কখনো পুলিশের নাম ব্যবহার করেও বাংলাদেশী পর্যটকদের থেকে অভিযুক্তরা অর্থ আদায় করত। এমনই অভিযোগ সামনে এসেছে । ধৃত দুই অভিযুক্তকেই আজ বনগাঁ আদালতে তোলা হয়।