Image description

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আগুনে পুড়ে বা ওই সময় পদদলিত হয়ে কেউ মারা যাননি বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। হাসপাতাল পরিদর্শনে আসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনকে এ নিয়ে প্রশ্ন করলে তার জবাবে ওয়াহাব আকন্দ বলেন, ‘নো পদদলিত মৃত্যু।’

হাসপাতালে অগ্নিকাণ্ড ও হতাহতের বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে করা প্রশ্নের জবাবে সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ওয়াহাব আকন্দ বলেন, ‘পাড়া লেগে (পদদলিত হয়ে) কেউ মারা যায়নি। তারা আগুন আতঙ্কে সেন্সলেস হয়ে গিয়েছিল। তারা মারা গেছে, অভিভাবকের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা ওইদিন ক্লিয়ার করে দিয়েছি।’

সংসদ সদস্য আরও বলেন, ‘ছয়জনের মৃত্যুর খবর আমরা মিথ্যা প্রমাণিত করেছি। যারা মারা গেছে তাদের দুজনের স্বাভাবিক মৃত্যু ও দুজন আগুন আতঙ্কে মারা গেছেন। নো পদদলিত মৃত্যু। পদদলিতও না, অগ্নিদগ্ধও না।’

বুধবার (১৬ সেপ্টেম্বর) মমেক হাসপাতাল পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। বেলা সোয়া ১১টার দিকে পৌঁছে হাসপাতাল পরিদর্শন না করে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে গিয়ে বৈঠক করেন।

পদদলিত হয়ে মারা যাওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি হয়েছে। তারা তদন্ত করার পর যেটা বের হবে তখন প্রশ্ন করলে উত্তর দিতে পারবো। দোয়া করেন যেন সবকিছু ভালো থাকে।

হাসপাতালে চারগুন রোগীর চাপ ও বিভিন্ন মেশিন নষ্ট থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এটার সমাধান একদিনে হবে না। আমরা চেষ্টা করছি, ভবিষ্যতে কী হবে—এগুলো নিয়ে কথাবার্তা বলেছি।’

গণপূর্ত অধিদপ্তরের সদস্য বাদ দিয়ে নতুন তদন্ত কমিটি

মমেক হাসপাতালের লিফটের বাইরের কাভারিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীকে সদস্য করে আগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে এ নিয়ে সমালোচনা শুরু হওয়ায় আগের কমিটি বাতিল করে বুধবার নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ছয় সদস্যের নতুন তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নতুন কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করে কমিটিতে আরও দুজন চিকিৎসক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (দক্ষিণ) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালককে সদস্য করা হয়েছে।

নতুন কমিটির কার্যপরিধিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনায় সংশ্লিষ্ট কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ করা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় রাখা হয়েছে।