Image description

আগামী বছর ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

 

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল, উড়োজাহাজ কেনা, বিনিয়োগ এবং পর্যটন খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। 

সরকারিসেবা খুঁজুন

 

 

মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশির নিয়মিত যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-নিউইয়র্ক সরাসরি আকাশপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

 

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) কর্মসূচিতে ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করতে হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

 

এ ছাড়া তিনি জানান, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে ইতোমধ্যে চুক্তি সই করেছে বাংলাদেশ।