কক্সবাজারের উখিয়ায় ড্রোন উড়িয়ে অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, মাছকারিয়া এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে ড্রোন উড়িয়ে অভিযান চালানো হয়। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়। এ ঘটনায় নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান। এ সময় দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক রনি বলেন, পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে বনবিভাগের একটি দল মাছকারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বনভূমি ও পাহাড় রক্ষায় বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। পাহাড় কেটে মাটি পাচারসহ বনজ সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।