Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির ব্যক্তিগত বরাদ্দ বাবদ পাওয়া প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে ছাত্রদের ১০টি হল ও সূর্যসেন হলের নারী ব্লকের জন্য একটিসহ মোট ১১টি ডিপ ফ্রিজ উপহার দেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৩০০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এসব ফ্রিজ পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসুর ভিপি হিসেবে যাতায়াত, আপ্যায়ন ও চা-নাস্তা খাওয়ার জন্য আমার যে ৪ লাখ টাকার বাজেট ছিল, সেই বাজেট থেকে ছাত্রদের ১০টি হল এবং সূর্যসেন হলের নারী ব্লকে একটিসহ মোট ১১টি ডিপ ফ্রিজের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, ছাত্রীদের হলগুলোতে এরইমধ্যে চাকসু জিএস সাঈদ বিন হাবিব ৫টি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন। ছাত্রীদের পাশাপাশি ছাত্রদের হলগুলোতেও দীর্ঘদিন ধরে এ ধরনের সুবিধা ছিল না। বাড়ি থেকে নিয়ে আসা রান্না করা খাবার, দুধ বা অন্যান্য তরল খাবার সংরক্ষণসহ প্রয়োজনীয় ওষুধ রাখার ক্ষেত্রেও ফ্রিজের প্রয়োজন রয়েছে।

চাকসু ভিপি বলেন, ‘আমি চাইলে আমার বাজেট আপ্যায়ন ও নাস্তার খরচ করে শেষ করতে পারতাম। কিন্তু সর্বোচ্চ আমানতদারিতার দৃষ্টান্ত স্থাপনের জন্যই মূলত পুরো বাজেট শিক্ষার্থী ভাই-বোনদের ফ্রিজ উপহার দেওয়ার মাধ্যমে শেষ করতে চাই।’