লালমনিরহাটে চলমান সার সংকটকে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য রোকনউদ্দিন বাবুল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১০০টি মন্দিরে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রোকনউদ্দিন বাবুল বলেন, সার সংকট নতুন সরকারের সৃষ্টি নয়, এটি অতীত সরকারের সময়ের তৈরি সমস্যা। বর্তমান সরকার এ সংকট মোকাবিলায় নতুন সার নীতি প্রণয়ন এবং নতুন করে ডিলার নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে।
তিনি আরও অভিযোগ করেন, অতীত সরকারের নেতাকর্মীরা সার ডিলার থাকায় তাদের কেউ কেউ কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। লালমনিরহাটে সারের সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলার ১০০টি মন্দিরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি মন্দিরে পাঁচটি করে চারা দেয়া হয়। মন্দিরগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব চারা গ্রহণ করেন।
বিতরণ করা চারার মধ্যে জাতনিম, কাঠবাদাম, জলপাই, কাঁঠাল ও পেয়ারা গাছের চারা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোকনউদ্দিন বাবুল বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের’ উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানে রোপণ করা গাছের যথাযথ যত্ন ও পরিচর্যা করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মন্দির প্রাঙ্গণও সবুজ হয়ে উঠবে।
এর আগে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ক্ষুদ্র ঋণের অর্থ হস্তান্তর করা হয়।