Image description

বরিশাল নগরের একটি ভাড়া বাসা থেকে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় নুরুজ্জামান হাওলাদার (৫৫) নামের এক আইনজীবীর মুহুরির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম পলাতক।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে এয়ারপোর্ট থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহত নুরুজ্জামান বরিশাল জজ আদালতের একজন আইনজীবীর মুহুরি হিসেবে কর্মরত ছিলেন। তার মূল বাড়ি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নুরুজ্জামান ও তার স্ত্রী নাসিমার মধ্যে পারিবারিক বিষয়ে তীব্র কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় তাকে আঘাত ও শ্বাসরোধে হত্যার পর স্ত্রী ঘরের বাইরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন। ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা-পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে লাশটি উদ্ধার করে।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। ঘটনার কারণ অনুসন্ধানসহ পলাতক স্ত্রীকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।