প্রশাসনের সর্বস্তরে নিলজ্জ দলীয়করণ অব্যাহত রেখে কখনো ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার নামই হচ্ছে জাস্টিস। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছে। এই ন্যায় বিচার হচ্ছে সমাজের সকল স্তরের বৈষম্য দূর করে নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কোটা প্রথা নামের ব্যাধি থেকে বেরিয়ে আসা। কিন্তু বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে দেখা যাচ্ছে, সরকার সেই পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনছে।
সোমবার বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় গোলাম পরওয়ার আরো বলেন, মহানবীর (সা.) আদর্শে সমাজ গড়তে পারলে সর্বস্তরে শান্তি বিরাজ করবে। নবীর আদর্শে শুধু মানবদেহে নয় সমাজেও শান্তি আসবে। তিনি বলেন, সমাজ থেকে অন্যায়, অনাচার, সন্ত্রাস, চাঁদাবাজি দূর করতে হলে সীরাতুন্নবী (সা) এর আদর্শে সমাজ বিনির্মাণ করতে হবে। উপস্থিত চিকিৎসকদের তিনি মহানবী (সা.) এর আদর্শে মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, এনডিএফ জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে যেই ভূমিকা রেখেছে তা চিরস্মরণীয়। তিনি বলেন, যখন শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল আহত, গুলিবিদ্ধ, রক্তাক্তদের চিকিৎসা না দিতে, সুচিকিৎসার পরিবর্তে আহতদের হাত-পা কেটে দিতে, তখন এনডিএফ চিকিৎসকেরা মানবিকতার পরিচয় দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা দিয়েছেন। এরজন্য অনেক চিকিৎসককে ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার হতে হয়েছে। এতো কিছুর পরও এনডিএফের চিকিৎসকেরা এমন আদর্শের পরিচয় দিয়েছেন যেই আদর্শ রাসূল (সা.) এর মানবতার আদর্শ।
তিনি বলেন, রাসূল (সা.) এর আদর্শ থেকে বিচ্যুতি ঘটলে সমাজে অশান্তি ভর করে। বাংলাদেশে যতদিন না রাসূল (সা.) আদর্শে সমাজ ব্যবস্থা গড়ে তোলা যাবে ততদিন এদেশের মানুষ শান্তি খুঁজতেই থাকবে। মানুষের তৈরি আইনে সমাজে শান্তি আসেনি, আসবে না। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণীপেশার সব মানুষকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মো. নুর উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে আরো বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।