Image description

‘আমিও ভালো ফুটবল খেলতে পারি। বল সামনে এলে বোঝা যাবে কিক করতে পারি কি না, নিশানা ঠিক করে গোলবারে ঢোকে কি না অথবা পাস দিতে পারি কি না—দেখা যাবে ইনশাআল্লাহ।’

সোমবার ঢাকা-১৫ আসনে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। 

জাতীয়খবর

 

বিজ্ঞাপন

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, ‘সংসদে আমরা দাবি জানিয়ে আসছি—বস্তুগত শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে। কিন্তু তার ব্যবস্থা এখন সমাজে নেই। আমাদের সময়ে যতটুকু ছিল, তাও এখন আর নেই। এই বিষয়গুলো আমরা ফিরিয়ে আনতে চাই।’

খেলাধুলায় ভালো করা ক্লাবগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আজকে সরকারের পক্ষ থেকে যে খেলাধুলা সামগ্রী দেওয়া হচ্ছে, আমরা এগুলোর ফলোআপ নেব। যে ক্লাবগুলো ভালো করবে, সরকার কিছু দিক বা না দিক, আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে শরিক হব।’

যারা খেলাধুলায় ভালো করবে এবং সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করবে, তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে জানিয়ে তিনি প্রতিবছর খেলোয়াড় ও ক্লাবগুলোর সদস্যদের নিয়ে একটি মিলনমেলার আয়োজনের পরিকল্পনার কথাও জানান।

নিজের ফুটবল খেলার স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমি যদি পারি, তবে এরা পারবে না কেন? সবাই পারব তো আমরা ইনশাআল্লাহ? তাহলে এখন থেকে আমরা সেভাবেই নিজেদেরকে গড়ব, অন্যদেরকে গড়ব এবং সবাই মিলে আমাদের সমাজটা বদলাব।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।