Image description

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিস ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকায় ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কাজ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের লিফটের কন্ট্রোল রুমে বিদ্যুতের সংযোগ গরম হয়ে শর্ট সার্কিটে আগুন লাগে। এতে ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন লেগে যায়। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর স্বজনদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। আটকা পড়েন ডাক্তার, নার্সসহ রোগীরা।

তবে সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর রোগীর স্বজনদের ওয়ার্ডে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে খুব ধোঁয়া বের হচ্ছে।

তিনি আরও বলেন, সদর ফায়ার স্টেশনের কর্মীরাও হাসপাতালের কাজে যোগ দিয়েছে। ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন করা হবে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, হাসপাতালের লিফটের কন্ট্রোল মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।