Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আশাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দানাজপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় মরদেহ হস্তান্তর করা হয়।

রবিবার রাত ৯টার দিকে মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের কাঁটাতারের  ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন আশাদুল হক (৩৫)। ভারতের দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর চকসিমানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করেন।

আশাদুল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তারা হলেন পীরগঞ্জের ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) এবং মনসা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫)। পরে তাদের কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তবে বিএসএফ তাদের ফেরত দেয়নি।