Image description

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল ফাটিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।

এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের নিয়ে অভিযান পরিচালনা করে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুর ১ টার দিকে সাভার মডেল থানাধীন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনের ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মিছিলে লোক সংগ্রহকারী মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), গার্মেন্টস কর্মী ইসমাইল হোসেন (২০), মোজার ফ্যাক্টরি কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয় কর্মী মো. সাকিন ইসলাম (১৮)।

আটকরা সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, বেলা একটার পরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় একটি ব্যানার নিয়ে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগের লোকজন রের হয়। পরে তারা সড়কের পাশে একটি ককটেল বিষ্ফোরণ ঘটায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় গোয়েন্দা পুলিশের একটি টিম ধাওয়া করে তিনজনকে মিছিল থেকে আটক করে। পরে আটকদের নিয়ে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম বললেন, ‘মহাসড়কে বিশৃঙ্খলা করার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় মহাসড়কে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে ঘটনার সঙ্গে জড়িত আট জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’