Image description

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

সভায় ডিএমপি কমিশনার বলেছেন, ‘কিশোর গ্যাং বলে কোনো শব্দ মোহাম্মদপুরে থাকবে না। এটা আমরা আজ র‍্যাব এবং ডিএমপি একসঙ্গে ঘোষণা করলাম। তার মানে এই নয় যে, এখনই কিশোর গ্যাংয়ের সবাইকে আমরা ধরে ফেলব। আপনাদের (নাগরিক) সহযোগিতায় আমরা প্রতিদিন এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান করব এবং অতিসত্বর মোহাম্মদপুরকে কিশোর গ্যাং মুক্ত হবে।’

তিনি বললেন, ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই—এই তিনটি বিষয় নিয়ে নাগরিকরা তাদের বক্তব্যে বেশি গুরুত্ব দিয়েছেন। গত তিন মাসের সঙ্গে তার আগের তিন মাসের অপরাধের পরিসংখ্যান তুলনা করলে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের ক্ষেত্রে উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে। তবে শুধু পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা ঠিক নয়। নাগরিকরা চান মোহাম্মদপুরে কোনো ছিনতাই, কিশোর গ্যাং বা মাদক থাকবে না। পুলিশও সেই লক্ষ্যেই কাজ করছে।’

মোহাম্মদপুরে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘মোহাম্মদপুরের প্রত্যেকটি মাদক স্পটে অভিযান আরও জোরালো করতে হবে। প্রত্যেকটি কিশোর গ্যাংয়ের আস্তানা ও মাদকের স্পটগুলোতে অভিযান আরও জোরালো করতে হবে।’

সভায় র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ওসমান গনি, র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান, তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান, মোহাম্মদপুরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।