Image description

অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞে বাড়িঘরের পাশাপাশি স্কুলও হুমকির মুখে পড়েছে। এতে সেখানকার ফিলিস্তিনি শিশুদের শিক্ষা চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার স্কুল থেকে ফিরে সুন্দুস আল-হামামদেহ (১২) দেখেন, তার বাড়িটি আর নেই। ওই দিন খিরবেত আল-ফাখিতে ইসরায়েলি বাহিনী বড় ধরনের ধ্বংস অভিযান চালিয়ে বাড়িঘর, গোশালা, পানির অবকাঠামো ও সৌরবিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে।

শুধু বাড়িঘর নয়, মাসাফের ইয়াত্তার স্কুলগুলোও ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। গত ৪ আগস্ট ইসরায়েলি বাহিনী শাব আল-বুতুম স্কুল ঘিরে ফেলে এবং বুলডোজার দিয়ে শিক্ষক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত দুটি কক্ষ এবং একটি গুদাম ধ্বংস করে। জাতিসংঘও এই ধ্বংসের বিষয়টি নথিভুক্ত করেছে।

স্কুলটির মূল ভবনও ধ্বংসের আদেশের আওতায় রয়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে একাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৬০ শিক্ষার্থী পড়াশোনা করে। দুর্গম অবস্থানের কারণে অন্য স্কুলে শিক্ষার্থীদের স্থানান্তর করাও কঠিন বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।

মাসাফের ইয়াত্তার আরও কয়েকটি স্কুল ধ্বংসের আদেশের মুখে রয়েছে। শিক্ষার্থীদের স্কুলে যেতে সড়ক বন্ধ, চেকপোস্ট ও বসতিস্থাপনকারীদের উপস্থিতির মধ্য দিয়ে চলতে হয়। স্কুলগুলোতেও হামলা, ক্ষয়ক্ষতি ও হয়রানির ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি আইনজীবী ইয়াসমিন সাল্লাক বলেন, স্কুল ধ্বংসের হুমকি শিশুদের শিক্ষার অধিকারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষা কর্মকর্তাদের আশঙ্কা, স্কুলগুলো ধ্বংস হলে দূরের বিকল্প স্কুলে যাওয়া বা অনিরাপদ সড়ক ব্যবহার করতে গিয়ে কিছু শিক্ষার্থী, বিশেষ করে মেয়েরা, পড়াশোনা ছেড়ে দিতে পারে।