কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দেবিদ্বার থানার পরিদর্শক ইমাম হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে এক লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, জরুরি প্রয়োজনে ব্র্যাক ব্যাংক থেকে সাত লাখ টাকা ঋণ নিয়েছিলেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের জাকির হোসেন। গত ৬ সেপ্টেম্বর বিকেলে সেই টাকা পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা থেকে তুলে তিনি দুই নারী স্বজনের সঙ্গে ব্যাংকের সোফায় বসে গুনছিলেন। এ সময় কৌশলে চার লাখ টাকা নিয়ে কেটে পড়ে চোরচক্রের সদস্যরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় একটি মামলা করেন। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। এরপর শুক্রবার ভোরে ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।
টাকা উদ্ধারের বিষয়ে ভুক্তভোগী জাকির হোসেন স্বস্তি প্রকাশ করে বলেন, ‘জরুরি প্রয়োজনে কিস্তিতে ঋণ নেওয়া টাকার বড় একটি অংশ চুরি হয়ে গিয়েছিল। পুলিশ এক লাখ ৬১ হাজার টাকাসহ চোরকে ধরেছে, আশা করছি বাকি টাকাও উদ্ধার হবে।’
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর আসামি শনাক্ত ও টাকা উদ্ধারে মাঠে নামে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝিনাইদহ থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শেষে শনিবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।