মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে রক্ষা করতে এবং শিক্ষকদের চাপ কমাতে এক অভিনব ছুটির প্রস্তাব দিয়েছেন বগুড়ার মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন।
শিক্ষকদের মেজাজ খিটখিটে বা উত্তেজিত থাকা অবস্থায় ক্লাসে পাঠদান থেকে বিরত রাখতে সাধারণ ছুটির বাইরে বিশেষ ‘মাথা গরম ছুটি’র ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই ভিন্নধর্মী পরামর্শ তুলে ধরেন।
নিজের ফেসবুক পোস্টে মুফতি মনোয়ার হোসেন অন্য এক মাদ্রাসার মুহতামিমের (প্রধান) একটি উদাহরণ তুলে ধরেন। এ বিষয়ে পোস্টে তিনি লেখেন, ‘এক মাদ্রাসার মুহতামিম তার শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন—নির্ধারিত ছুটির বিপরীতে বিশেষ একটি ছুটি থাকবে সেটির নাম হল ‘মাথা গরম ছুটি’। আপনার যে কোনো সময় যে কোনো দিন মাথা গরম হবে আমাকে জানাবেন সঙ্গে সঙ্গে আপনাকে বাড়ি যাওয়ার ছুটি দেওয়া হবে। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মাথা ঠান্ডা করে আসবেন।’
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওই মুহতামিম হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বলে পোস্টে জানান মুফতি মনোয়ার। ওই মুহতামিমকে উদ্ধৃত করে তিনি লিখেছেন, ‘যদি কখনো আমার প্রতিষ্ঠানের কোনো ছাত্রের শরীরে ব্যাড টাচ করেন তবে আপনার হাত-পা কেটে নেব।’
মুফতি মনোয়ার হোসেন দেশের সব মাদ্রাসার মুহতামিমদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘সব মাদ্রাসার মুহতামিমকে অনুরোধ শিক্ষকদের জন্য ‘মাথা গরম ছুটি’ রাখবেন। প্রয়োজনে যাতায়াত ভাড়া দেবেন, আল্লাহ তা’আলা বরকত দেবেন। মানুষের মাথা ঠান্ডা করার বৈধ ব্যবস্থা করা বিরাট বড় ইবাদত।’