Image description

গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিএনজির ভাড়া বাড়ানো এবং পরবর্তীতে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালা দিয়েছে চাকসুর নেতৃবৃন্দ।

 

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যার পর জিরো পয়েন্টের প্রধান ফটকে তালা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাস চলাচলও আটকে দেন তারা। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ বা বের হতে পারছে না।

 

শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল থেকেই কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্টগামী সিএনজির ভাড়া বাড়িয়ে দেন চালকরা। এ নিয়ে শিক্ষার্থীরা চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তারা এতে রাজি হননি। পরে সন্ধ্যার দিকে কোনো ধরনের আলোচনা ছাড়াই সিএনজি চালকরা একযোগে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এতে ১ নম্বর গেটে বিপুলসংখ্যক শিক্ষার্থী আটকা পড়েন।

 

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া বলেন, সিএনজি চালকরা সিন্ডিকেট তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

 

তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধি ও যানবাহন বন্ধের মাধ্যমে শিক্ষার্থীদের জিম্মি করার এই সিন্ডিকেট ভেঙে সিএনজি চলাচল স্বাভাবিক করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কার্যকর বিকল্প পরিবহন ব্যবস্থা করতে হবে। দাবি আদায় এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত জিরো পয়েন্টে অবরোধ চলবে।

 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কামরুল ইসলাম বলেন, ১ নম্বর গেটে সিএনজি সংকট থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি বাস দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। আর চাকসুর নেতৃবৃন্দ প্রধান ফটকে তালা দিয়েছেন। সেটি খুলে দেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।