কুড়িগ্রামের রৌমারীতে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল এবং লুটের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বন্দবেড় ইউনিয়নে মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের গোডাউনের দরজা ভেঙে প্রায় শতাধিক বস্তা সার লুটের ঘটনা ঘটে।
কৃষকরা জানান, আমাদের জানানো হয়েছে সকাল ৯টা থেকে সার দেওয়া হবে। কিন্তু এসে দেখি ডিলারও নাই, বিএসও নাই, পুলিশও নাই। অপেক্ষারত মানুষ এক পর্যায়ে গেট ভাঙচুর করে। পরে সবাই যে যার মতো সারের বস্তা নিয়ে গেছে।
এদিকে রৌমারী বাজারের মেসার্স অনুপম ট্রেডার্সের সার বিক্রয়কেন্দ্রেও ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়। শাটার ভেঙে সার নেওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, আমন মৌসুমে একসঙ্গে বিপুলসংখ্যক কৃষক সার সংগ্রহ করতে আসায় গুদামগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। কৃষকদের অযথা আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে সার সংগ্রহের আহ্বান জানান।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, রৌমারীতে কোনো সার সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী নিয়ম মেনে সার বিতরণ করা হচ্ছে।
রৌমারী থানার ওসি মো. কাউসার আলী বলেন, সারের গুদামগুলোতে একযোগে বিপুলসংখ্যক কৃষকের উপস্থিতি এবং নিয়ম মেনে সার না নেওয়ায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সিরিয়াল অনুযায়ী সার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।