Image description

রাজশাহীর পুঠিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ ও সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন কৃষকেরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বানেশ্বর বাজার এলাকায় বিক্ষোভের পর এই অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৪০ মিনিট পর অবরোধ তুলে নেন বিক্ষুবদ্ধরা।

কৃষকেরা জানান, সকালে বানেশ্বর বাজারের বিসিআইসি সার ডিলারের দোকানে সার বিক্রি শুরু হয়। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে চাহিদা অনুযায়ী সার পাননি। একপর্যায়ে ক্ষুব্ধ ‍কৃষকেরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেন।

কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। সকাল ১০টার দিকে ডিলার ওছমান আলী বলেন, সার শেষ। সিন্ডিকেট করে আমাদের পকেট কাটা হচ্ছে। আমরা এর বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সার ডিলার ওছমান আলী বলেন, ‘কৃষকেরা ভিত্তিহীন অভিযোগে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছেন। আমাদের এখানে এখন পর্যন্ত ইউরিয়ার কোনো সংকট নেই। সবাইকে সার দেওয়া হচ্ছে।’

পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান বলেন, বানেশ্বরের পাশের চারঘাট উপজেলার অনেক কৃষকও এখানকার ডিলারদের কাছ থেকে সার নেন। ফলে স্থানীয় কৃষকেরা যাতে বঞ্চিত না হন, সে জন্য জাতীয় পরিচয়পত্র দেখে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ডিলারের দোকানে স্থানীয় কৃষি কর্মকর্তাকে উপস্থিত রেখে সার বিক্রির পাশাপাশি উপজেলা প্রশাসন বিষয়টি নিয়মিত নজরদারি করবে।

ইউএনও জানান, প্রায় ১৫০ জন কৃষক মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।