Image description

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া। এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি অধিকতর তদন্তের জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নিজের ফেসবুক আইডিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি কটাক্ষমূলক পোস্ট দেন ড. আবদুল ওয়াহেদ চৌধুরী। ১১ জুলাই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাকসুর নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর পরদিন ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (অ্যাকাডেমিক) আহ্বায়ক করে তিন সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

ড. আবদুল ওয়াহেদ ক্যাম্পাসে আওয়ামীপন্থী শিক্ষক বলে পরিচিত। তিনি ২০১২ সালে চবির প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৪ সালে সহকারী অধ্যাপক ও ২০২১ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। এর মাঝে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।