২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের প্রাথমিক সত্যতা পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, গত ৩ জুলাই ড. আবদুল ওয়াহেদ চৌধুরী তার নিজ ফেসবুক আইডিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি কটাক্ষমূলক পোস্ট দেন। ১১ জুলাই পোস্টটির একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার তৈরি হয়। ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে চবি প্রশাসন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেট সভায় অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশক্রমে এই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।