Image description

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতের পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেয়। উভয় পক্ষই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং স্থানীয় সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়।বিএনপির আয়োজিত নৌকাবাইচের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর মধ্যে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু একই ঘাটে বিএনপির মঞ্চের পাশে আরেকটি মঞ্চ তৈরি করে ৪ ও ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু করেন।

তিনি বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগের পর প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে। নৌকাবাইচ এ এলাকার ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, এটি বন্ধ না করে সবাইকে নিয়ে আয়োজনের চেষ্টা করা হচ্ছে।জামায়াতের নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে প্রধান অতিথি জ্বালানি মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না বলে জানা গেছে। এ বিষয়টি সামনে আসার পর বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। পরে জামায়াতের পক্ষ থেকেও প্রশাসনে অভিযোগ দেওয়া হয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ আয়োজন নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াত একই স্থানে পৃথক নৌকাবাইচ আয়োজন করেছিল। কোনো পক্ষই প্রশাসনের অনুমতি নেয়নি। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পর পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে ৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

শীর্ষনিউজ