Image description
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের হয়ে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে পৌঁছানোর পর এ হাতাহাতির ঘটনা ঘটে।
 
এসময় স্বেচ্ছাসবকদল নেতা রাইয়ানের নেতৃত্বে একটি গ্রুপ মহানগর বিএনপির সদস্য ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শাহীন আহম্মেদকে মারধর করতে দেখা গেছে।
 
তবে ঠিক কি কারণে এই হাতাহাতির ঘটনাটি ঘটে তার স্পষ্ট কারণ জানা যায়নি। হাতাহাতির এক পর্যায় সামনে উপস্থিত থাকা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শাহীন আহম্মেদকে ছাড়িয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
 
তবে এ ব্যাপারে শাহীন আহম্মেদ জানান, মারামারির কোনো ঘটনা ঘটেনি। মিছিলে নেতাকর্মীদের সামনের সারিতে আসতে ধাক্কা নিয়ন্ত্রণ করতে একটু হট্টগোল হয়েছে। এছাড়া তেমন বড় কিছু ঘটেনি।
 
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদ এক গ্রুপ কিলঘুষি মারা সহ তার পড়নের গেঞ্জি টানতেও দেখা গেছে। এসময় সামনে থাকা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দ্রুত শাহীন আহম্মেদকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।