মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী এক মা। শাড়ি পরে দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্পোর্টস জুতা ও ট্র্যাকস্যুট পরা একাধিক তরুণ প্রতিযোগীকে।
মহারাষ্ট্রের বীড জেলার আম্বাজোগাই এলাকার বাসিন্দা রামাবাই রানভের ‘অমৃত মহোৎসব’ উদযাপন উপলক্ষে ভারতীয় শিক্ষণ প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্স আয়োজিত ‘অমৃত দৌড়’-এ অংশ নেন।
আম্বাজোগাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ চক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চক পর্যন্ত অনুষ্ঠিত এই ম্যারাথনে স্থানীয় বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন।
সাধারণ শাড়ি ও স্যান্ডেল পরে প্রতিযোগিতাস্থলে আসেন রামাবাই। দৌড় শুরুর পর স্যান্ডেল বারবার খুলে গিয়ে তার গতি কমিয়ে দিচ্ছিল। একপর্যায়ে তিনি স্যান্ডেল খুলে হাতে নিয়ে খালি পায়েই দৌড়াতে থাকেন।
পাথুরে পথে খালি পায়ে দৌড়ানো এবং শাড়ি সামলে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জের মধ্যেও তিনি থেমে যাননি। শেষ পর্যন্ত একাধিক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করেন রামাবাই।
বিজয়ী হিসেবে তিনি ৩ হাজার রুপি পুরস্কার পান। এই অর্থ তিনি মেয়ের পড়াশোনার খরচে ব্যবহার করবেন বলে জানিয়েছেন।