Image description

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের সাহাপুর প্রাইমারি স্কুল ও মোগলট্রিটসংলগ্ন এলাকায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, চিকিৎসক বিজয় ও তার স্ত্রী বাড়িতে থাকা অবস্থায় ডাকাতরা বাড়ির লহার গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় ঘরে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক রাত আনুমানিক ৩টায় এসআই এনামুল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

 

এদিকে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ডাকাতির ঘটনায় মোটরসাইকেলটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। পরে মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক এশিয়া পোস্টকে জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। পরে ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

কয়েক দিন আগে সাহাপুর এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া সাহাপুর বাজারে আজাদ কাপড় বিতানেও চুরির ঘটনা ঘটে। চুরি, ডাকাতি বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে শঙ্কিত বরুড়ার সাধারণ নাগরিক সমাজ।