Image description

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজত থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজমেরী ওসমানকে উদ্দেশ করে দেওয়া সেই ভিডিও বার্তায় দেশে বাক স্বাধীনতা নেই বলে উল্লেখ করা হয়।

রবিবার (৩০ আগস্ট) রাতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পরে ভাইরাল হয়েছে। এমনকি সেই ভিডিও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, গ্রেফতার আসামিরা  হাজতের ভেতরে বসে আছে। তারা বলছেন, ‘আজমেরী ভাইয়ের জন্য নারায়ণগঞ্জবাসী ধন্য। আমাদের এ বিপদ কাটিয়ে একদিন সুদিন আসবে, ইনশাআল্লাহ। আজমেরী ভাইয়ের ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই। জয় বাংলা জয় বঙ্গন্ধু।’

অপর আরেকটি ভিডিও বার্তায় তাদের বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম ভাইজান। আজ আপনার প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। আমরা যেতে চেয়েছিলাম। আমরা মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আজকে এই কারাবরণ করতে হচ্ছে। আমরা আপাতত জেলের ভেতরে। এটা কিসের বাকস্বাধীনতার দেশ? কিসের মুক্তির দেশ? আমরা স্বাধীনতা চাই।’

এর আগে, শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন- আবরার আহমেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। তারা সবাই যুবলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পুত্র আজমেরী ওসমানের অনুসারী। গ্রেফতারের পর থেকে তাদের ফতুলা থানা হাজতে রাখা হয়।

ধারণা করা হচ্ছে, সে সময় কৌশলে তাদের কাছে মোবাইল ফোন পৌঁছে যায়, যা দিয়ে  ভিডিও ধারণ করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, আজমেরী ওসমানের সমর্থনে সরকারবিরোধী মিছিল করে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় ১০ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিডিওটি কিভাবে ধারণ করা হয়েছে তা জানা নেই। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নাকি বাস্তব, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের একমাত্র ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা পরিচয় দিয়ে আসছেন।