Image description
আরও ৩৪২ নতুন আক্রান্ত হাসপাতালে

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ ধারণ করছে। চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫৯০ জন। এ সময় প্রাণ হারিয়েছেন ৮৮ জন। অধিকাংশ রোগী ও মৃত্যুর হার রাজধানীকেন্দ্রিক। তবে চলতি বছর ঢাকার বাইরে সবচেয়ে বেশি মারা গেছেন খুলনা বিভাগে। এ বছর খুলনায় ১৬ জনের মৃত্যু হয়। দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ১৯ শতাংশ খুলনায়। এ সময় খুলনায় রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজারের বেশি। এই পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, তিন বছর আগে ডেঙ্গুর উচ্চ সংক্রমণ ছিল বরিশাল ও চট্টগ্রামে। ওই সময় বরিশালে ৩৮ হাজার ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ২০৯ জন মারা যান। ২০২৪ সালে ঢাকার বাইরে মৃত্যুর হিসাবে তৃতীয় শীর্ষে উঠে আসে। গত বছরও প্রায় অপরিবর্তিত অবস্থা ছিল। এ বছর ঢাকার বাইরে ডেঙ্গুর মৃত্যুচিত্রে ভৌগোলিক পরিবর্তন ঘটছে। চলতি মাসের শেষদিকে ঢাকার বাইরে খুলনা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু সংক্রমণের তীব্রতা ও মৃত্যুর অবস্থার পরিবর্তন হচ্ছে। এ বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি বেশি লক্ষ করা যাচ্ছে। সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রবণতা আরও বাড়তে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় এডিস মশা নিধনে জোর দিতে হবে। সেপ্টেম্বর মাসে এডিস মশার প্রজনন রোধে কঠোর ব্যবস্থা এবং ঢাকার বাইরে ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিত করা না গেলে ডেঙ্গুর ভয়াবহতা খুলনা এলাকায় আরও বাড়তে পারে। আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ডেঙ্গু এখন আর শুধু ঢাকাকেন্দ্রিক রোগ নয়। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চলে সংক্রমণের তীব্রতা ও মৃত্যুর কেন্দ্র পরিবর্তিত হচ্ছে। এ বছর ঢাকার বাইরে খুলনা অঞ্চলে মৃত্যুহার সবচেয়ে বেশি। বর্ষার শেষভাগে এডিস মশার প্রজনন বাড়ে, ফলে সেপ্টেম্বর-অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই শুধু হাসপাতালে রোগীর চিকিৎসার ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং দ্রুত রোগী শনাক্ত ও চিকিৎসার ব্যবস্থা জোরদার করতে হবে। কোন এলাকায় সংক্রমণ বাড়ছে, সেই তথ্য বিশ্লেষণ করে সেখানে আগেভাগেই ব্যবস্থা নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি।

ঢাকার বাইরে মৃত্যুতে দ্বিতীয় বরিশাল-ময়মনসিংহ ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১১ ও সিটি করপোরেশনের বাইরে তিনজন প্রাণ হারিয়েছেন। খুলনায় এ বছর এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যার মধ্যে শুধু খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। খুলনা বিভাগের পরই ঢাকার বাইরে প্রাণহানির তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল ও ময়মনসিংহ বিভাগ। এই দুটি বিভাগের প্রতিটিতেই ডেঙ্গুতে আটজন করে প্রাণ হারিয়েছেন। বরিশালে মৃত আটজনের মধ্যে চয়জন মারা গেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া পিরোজপুর ও ঝালকাঠি জেলায় একজন করে মোট দুইজন রোগী মারা গেছেন। বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট ৫ হাজার ৪৪৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়মনসিংহ বিভাগে মৃত আটজনের মধ্যে ময়মনসিংহ জেলা সদরে মৃত্যু হয়েছে সাতজনের। যাদের সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া শেরপুর জেলায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত রোগটি শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯৬ জনের। এ ছাড়াও চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে চারজন এবং সিলেট ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

শনাক্তের হিসেবে অধিকাংশই পুরুষ, মৃত্যুহার বেশি নারীর ডেঙ্গু শনাক্তের হিসেবে পুরুষের সংখ্যা বেশি হলেও মৃত্যুর হিসেবে নারীর সংখ্যাই বেশি। এ বছর শনাক্ত ৩২ হাজার ৫৯০ রোগীর মধ্যে ২০ হাজার ৩৮ জন পুরুষ। আর ১২ হাজার ৩৫৫ জন নারী। অর্থাৎ, ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ, আর ৩৮ দশমিক ১ শতাংশ নারী। এ বছর মোট মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৫১ জন নারী, আর ৩৬ জন পুরুষ। অর্থাৎ, ৫৮ দশমিক ৬ শতাংশ নারী, আর ৪১ দশমিক ৪ শতাংশ পুরুষ।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২ হাজারের বেশি রোগী ডেঙ্গু নিয়ে নতুন ৩৪২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮০ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে সবচেয়ে বেশি ৬১৭ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া খুলনায় ৫৭৫, বরিশালে ৩৫৬, ময়মনসিংহে ১৭৯, চট্টগ্রামে ১৬৩, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৩০ ও সিলেট বিভাগে সাতজন চিকিৎসাধীন। এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫৯০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৪২২ জন।