Image description
বিরোধীদল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের একটি অংশ দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে সার বিতরণ ব্যবস্থায় প্রভাব বিস্তার করে আসছে।
 
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
 
ফরহাদ হোসেন আজাদ বলেন, আগের ডিলারদের তাৎক্ষণিকভাবে বাতিল না করে শূন্য পদে নতুন ডিলার নিয়োগের জন্য দ্বিতীয় পরিপত্র জারি করা হয়েছে। এর মাধ্যমে সার বিতরণ ব্যবস্থাকে আরও গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, তৃতীয় পরিপত্রের মেয়াদ বাড়িয়ে প্রতিটি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে একজন করে নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এতে সাধারণ কৃষক ও মানুষ সহজেই সার সংগ্রহ করতে পারবেন।
 
কেউ যাতে অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
 
এদিন তিস্তা মহাপরিকল্পনার কাজ নিয়ে আশার কথা শোনান পানিসম্পদ প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৭ সালে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই। এটি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি।
 
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হবে। এই অঞ্চলের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ করতে পারেন, মাছ ও হাঁস চাষ করতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
 
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।