চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীর হলি ক্রস কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জিপিএ ও একাডেমিক যোগ্যতার পাশাপাশি ভর্তিসংক্রান্ত নিয়মে বিশেষ কিছু শর্তও দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত ছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার প্রয়োজন নেই। এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষ চলাকালে কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
কলেজের নিয়ম অনুযায়ী, নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরা, শরীরচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়মে আপত্তি থাকলে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভর্তি আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগে আবেদন করতে এসএসসিতে জিপিএ ৫ থাকতে হবে। একই সঙ্গে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান উভয় বিষয়ই থাকতে হবে। মানবিক বিভাগে আবেদনের জন্য জিপিএ ৩ থেকে ৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪ থেকে ৫ থাকতে হবে।
বিভাগ পরিবর্তনের সুযোগও রয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৮ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন। আর বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবেন।
আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২ সেপ্টেম্বর বুধবার থেকে ৫ সেপ্টেম্বর শনিবার রাত ১২টার মধ্যে কলেজের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন শেষে বিকাশের মাধ্যমে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ৫০০ টাকা জমা দিতে হবে।

পেমেন্টের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্রের মুদ্রিত কপি ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে সঙ্গে রাখতে হবে।
আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি এবং অনলাইন ফলাফলের কপি দিতে হবে। ভুল বা মিথ্যা তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে।
লিখিত পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর
এসএসসি-২০২৬-এর পাঠ্যসূচির ভিত্তিতে নির্বাচন পরীক্ষা নেওয়া হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর শুক্রবার।
পরীক্ষার আসন ও সময় ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে। আসনব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে ৯ সেপ্টেম্বর দুপুর ১টার পর।
ফল ১৫ সেপ্টেম্বর, ভর্তি ১৫-১৭ সেপ্টেম্বর
চূড়ান্ত ফল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার পর কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হবে।
এবার হলি ক্রস কলেজে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৯০টি আসন রয়েছে। সব মিলিয়ে একাদশ শ্রেণিতে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।