Image description

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিকাল ৩টা পর্যন্ত উদ্ধার পায়ের ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক বা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, অন্য কোথাও কোনো ঘটনা ঘটার পর বিচ্ছিন্ন পা’টি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এর সঙ্গে কোনো অপরাধের ঘটনা জড়িত কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।

স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকাল ৮টার দিকে ধানক্ষেতে গেলে একটি বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখেন এক কৃষক। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করে।

এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেটি সেখানে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।