Image description

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কুশল বিনিময় করতে যান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশের সংকটকালীন সময়ে শফিকুর রহমান জামায়াতে ইসলামীকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময়ে দলটির উচ্চপর্যায়ের নেতাদের ‘বিচারিক হত্যাকাণ্ডের’ মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল। তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

এসময় শফিকুর রহমানকে এনসিপি কার্যালয়ে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এটি কোনো রাজনৈতিক সমঝোতা বা জোটের বৈঠক নয়; সৌজন্যের জায়গা থেকেই জামায়াত আমির সেখানে এসেছেন।

তিনি বলেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, সেখানে ডা. শফিকুর রহমানের নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন।

তিনি আরও বলেন, এনসিপি গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের অবস্থান থেকে সক্রিয় থাকবে। সংসদে যেমন সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করা হবে, তেমনি সংসদের বাইরেও জনগণের অধিকার নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। দেশের গণতান্ত্রিক ও বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামী শক্তিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।