Image description

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিল থেকে এস এম তানিম (৩০) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের সুতার মিলে এ ঘটনা ঘটে।

 

নিহত এস এম তানিম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং পটিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তানিমকে দেখতে পান সহকর্মী ও স্থানীয় লোকজন। পরে বিষয়টি আড়াইহাজার থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তানিমের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।