Image description

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে নিহত শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেসমিন আকতার ব্রেন টিউমার (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) অসুস্থতায় ভুগছেন। বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জানামাত্রই তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউরোসায়েন্স হাসপাতালে যান। প্রতিনিধি দলটি শহীদ জোবায়েরের পিতা-মাতার সঙ্গে কথা বলে। এ সময় জেসমিন আকতারের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া আগামীতে সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রতিনিধি দলটি।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এজেডএম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

শহীদ জোবায়ের ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত।