বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে তাদের উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত রোববার রাতে টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ বানৌজা কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসছে বলে খবর পায়। এরপর রাতেই বোটটি উদ্ধারে অভিযান শুরু করে নৌবাহিনী।
পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে মোংলা ফেয়ারওয়ের কাছে বোটটির সন্ধান পায় বানৌজা কপোতাক্ষ। পরে ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি আল আমিন’ নামের বোটটি থেকে ১৬ জেলেকে উদ্ধার করা হয়। এ সময় তাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জেলে মাছ ধরতে ‘এফবি আল আমিন’ নিয়ে সাগরে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় তিন দিন তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন।
পরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে নৌবাহিনীর জাহাজটি বোটটিকে টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে যায়। সেখানে বোটসহ ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার কাজও করে নৌবাহিনী।