চীনের তৈরি চেংদু জে-১০সি বর্তমানে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ একক-ইঞ্জিন বহুমুখী যুদ্ধবিমান। এর রপ্তানি সংস্করণের নাম জে-১০সিই। আকাশযুদ্ধ, ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা—একই বিমান দিয়ে একাধিক ধরনের অভিযান চালানোর জন্য এটি তৈরি করা হয়েছে। আধুনিক রাডার, দূরপাল্লার আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র, উন্নত অ্যাভিওনিকস এবং তুলনামূলক কম পরিচালন ব্যয়ের কারণে জে-১০সিইকে অনেক সময় পশ্চিমা ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানের বিকল্প হিসেবে দেখা হয়।
জে-১০ কী ধরনের যুদ্ধবিমান?
জে-১০সিই হলো চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ-এর তৈরি একক-ইঞ্জিনের সুপারসনিক বহুমুখী যুদ্ধবিমান। এর নকশার অন্যতম বৈশিষ্ট্য হলো মূল ডানার সামনে ছোট আকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ পাখা রয়েছে এবং মূল ডানা ডেলটা আকৃতির। এই নকশা বিমানটিকে উচ্চ গতিতে ভালো নিয়ন্ত্রণ ও দিকপরিবর্তন করতে সাহায্য করে।
উন্নত অস্ত্র বহন সক্ষমতার কারণে সামরিক মহলে নতুন করে আলোচনায় এসেছে চীনের সুপারসনিক, বহুমাত্রিক যুদ্ধবিমান জে-১০সি ফাইটার জেট। জে-১০ ফাইটার জেটের আধুনিক সংস্করণ হিসেবে জে-১০সি প্রথম জনসমক্ষে আনা হয় ২০১৭ সালের জুলাইয়ে। এটি চীনের তৃতীয় প্রজন্মের সুপারসনিক ফাইটার। উন্নত এভিওনিক্স সিস্টেম এবং বিভিন্ন অস্ত্রের সমন্বয়ে এটি স্বল্প ও মাঝারি পাল্লায় কার্যকর। একই সাথে, এটি ভূমি ও সমুদ্র উভয় লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।
জে-১০সিতে একটি ‘বাম্প এয়ার-ইনলেট সিস্টেম’ আছে। জে-১০-এ ছিল অ্যাডজাস্টমেন্ট প্লেটসহ একটি এয়ার ইনটেক সিস্টেম। জে-১০সির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে এর অস্ত্র বহনের সক্ষমতায়। যেখানে জে-১০ যুদ্ধবিমানে রাখা যেত ১০টি অস্ত্র। জে-১০সিতে রাখা যাচ্ছে বিভিন্ন ধরনের ৪০টিরও বেশি অস্ত্র। পুরনো জে-১০ যুদ্ধবিমানের তুলনায় নতুন জে-১০সি হলো প্রযুক্তির দিক থেকে অনেক আধুনিক। জে-১০সি-এর রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং অস্ত্র—সবকিছুই একদম নতুন প্রজন্মের হিসেবে তৈরি করা হয়েছে।
জে-১০সি আর জে-১০সিই-এর পার্থক্য কী?
জে-১০সি হলো চীনের নিজস্ব বিমানবাহিনীর জন্য ব্যবহৃত সংস্করণ। জে-১০সিই হলো এর বিদেশে বিক্রির জন্য তৈরি সংস্করণ। চীনের বিমানবাহিনী ২০১৮ সালের এপ্রিলে জে-১০সি-কে আনুষ্ঠানিকভাবে যুদ্ধকালীন দায়িত্ব পালনে নেয়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন জানায়, বিমানটি উন্নত অ্যাভিওনিকস এবং বিভিন্ন আধুনিক অস্ত্রে সজ্জিত এবং আকাশ, স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।