Image description
আগামী নভেম্বরের মধ্যে সারা দেশের ৫ হাজার ইউনিয়ন পরিষদে এককভাবে প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সাঙ্গে সেপ্টেম্বরের মধ্যে বাকি ৮টি সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।
 
সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম।
 
সার্জিস আলম বলেন, ‘ইতিমধ্যে ১৩টি সিটি কর্পোরেশনের মধ্যে ৫টিতে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বাকি ৮টি সিটি কর্পোরেশনেও প্রার্থী ঘোষণা করা হবে। নতুন বাংলাদেশে সরকারি দল হিসেবে জনগণের সেবা করতে এনসিপির উপস্থিতি অত্যন্ত জরুরি এবং সে লক্ষ্যেই আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি।’
 
এ সময় বিদেশে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
 
অনুষ্ঠানে এনসিপির অন্য নেতা সারোয়ার তুষার বর্তমান সরকারের সার্বিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিএনপি সরকার তাদের ক্ষমতার প্রথম ১৮০ দিনেই স্পষ্ট করে দিয়েছে যে, তারা রাজনৈতিক চোরাবালির মধ্যে আটকে গেছে। ফ্যামিলি কার্ড বিতরণের নামে দলীয় সন্ত্রাসীদের তাণ্ডব চালানোর সুযোগ করে দেয়া হয়েছে।’
 
তুষার আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ। এখন যদি অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো সংস্কার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মব জাস্টিস বন্ধ করা না হয়, তবে এনসিপি রাজপথে হরতালের মতো কঠোর কর্মসূচি দিতেও দ্বিধা করবে না।’